ধ্রুব নিউজ ডেস্ক
চিত্রনায়িকা পরিমনি ছবি: সংগৃহীত
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ে মামলার বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করে জানান যে, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। সেই সময়ও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন।
২০২৪ সালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়। তবে মামলার অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আদালত পরীমনি ও জুনায়েদ বোগদাদীর বিরুদ্ধে সমন জারি করেন। পরবর্তীতে একই বছরের ২৫ জুন তারা ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছিলেন।