নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা ডাকবাংলো পাড়ার গৃহবধূ রানী খাতুন আত্মহত্যা প্ররোচনা মামলায় সিঙ্গাপুর প্রবাসী স্বামী লিজন রেজাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই জিএম ইমরান হোসেন রাজু।
অভিযুক্ত লিজন রেজা চৌগাছা ডাকবাংলো পাড়ায় সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া এবং মেহেরপুর সদর উপজেলার টুংগী গ্রামের সদর আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মৃত রানী খাতুন চৌগাছা উপজেলার খোর্দ্দ সিংহঝুল গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। রানীর প্রথম পক্ষে ৪ বছর বয়সী একটি সন্তান ছিল। বিয়ের পর লিজন রেজা চৌগাছা ডাকবাংলো পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
লিজন তার শ্যালক নয়ন মন্ডলকে বিদেশে পাঠানোর কথা বলে ৭ লাখ টাকা নেন। তবে ৫ মাস পার হলেও নয়নকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন তিনি। এ নিয়ে তাদের সংসারে অসন্তোষ ও অশান্তি চলছিল।
গত ২১ মে রাতে রানীর সাথে তার স্বামীর ঝগড়া হয়। খবর পেয়ে রানীর মা তাদের বাসায় আসেন এবং নাতনীকে নিয়ে বাড়ি ফিরে যান। পরদিন সকালে লিজন রেজার মাধ্যমে মেয়ের অসুস্থতার সংবাদ পেয়ে তাদের বাসায় এসে রানীকে মৃত অবস্থায় পান স্বজনরা।
এ ঘটনায় মৃত রানীর বাবা মোস্তফা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে লিজন রেজাকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসামি লিজন রেজাকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত লিজন রেজাকে আটক দেখানো হয়েছে।