নিজস্ব প্রতিবেদক
যশোরে নিজ মা-বাবাকে মারধরের দায়ে জাহিদ ইকবাল জুয়েল (১ মাস) এবং হাসপাতালে নারীদের উত্ত্যক্ত করার দায়ে সুজন মজুমদারকে (২ মাস) বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সামারি ট্রায়াল (একদিনের বিচারিক) আদালত।
বৃহস্পতিবার পুলিশি প্রতিবেদনের ওপর শুনানি শেষে এবং আসামিরা নিজেদের দোষ স্বীকার করায় যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই দণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মোজাফ্ফর হোসেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— যশোর শহরের শংকরপুর এলাকার ইশরাক আলীর ছেলে জাহিদ ইকবাল জুয়েল এবং চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে সুজন মজুমদার।
মা-বাবাকে মারধরের ঘটনা
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শংকরপুর এলাকার বাসিন্দা ইশরাক আলীর মাদকাসক্ত ছেলে জুয়েল তার মায়ের কাছে টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে সে মা-বাবাসহ পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং মারধর করে। এ ঘটনায় বাবা ইশরাক আলী থানায় অভিযোগ দিলে পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।
হাসপাতালে নারী উত্ত্যক্তের ঘটনা
অন্যদিকে, বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের অশালীন মন্তব্য ও উত্ত্যক্ত করছিলেন সুজন মজুমদার। উপস্থিত রোগীর স্বজনেরা তাকে হাতেনাতে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করেন।
বিকাল বেলা কোতোয়ালি থানা পুলিশ উভয় আসামিকে পৃথক প্রতিবেদনসহ সামারি ট্রায়ালে সোপর্দ করে। শুনানিতে বিচারকের সামনে নিজেদের অপরাধ স্বীকার করে নিলে জাহিদ ইকবাল জুয়েলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে, সুজন মজুমদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর সাজাপ্রাপ্ত দুই আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।