নিজস্ব প্রতিবেদক
অস্ত্র মামলায় যশোরের চিহ্নিত সন্ত্রাসী আলমাসকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি আলমাস যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা সিদ্দিক খানের ছেলে। খালাস পাওয়া অপর দুই আসামি হলেন— শেখ সাবেরুর রহমান সাবু ও প্রকাশ কুমার দে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের একটি গলিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আলমাস, সাবু ও প্রকাশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, সাতটি বোমা, দুটি চাইনিজ কুড়াল ও দুটি গাছিদা জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাস আটক ৩ জনসহ মোট ১২ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা মামলা করেন। পরবর্তীতে মামলাটির তদন্ত শেষে কেবল ওই ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও এসআই শামীম আক্তার।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আলমাস বর্তমানে পলাতক রয়েছেন।