নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী মৌসুমী আক্তার মৌয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সোমবার সাবেক স্বামী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বাদী হয়ে যশোর আদালতে মামলাটি করেন।
অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) সঞ্জয় পাল। অভিযুক্ত মৌসুমী আক্তার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ রবিউল ইসলামের সঙ্গে মৌসুমীর বিয়ে হয়। পরে মনোমালিন্যের জেরে ১৭ মার্চ তাদের খ খোলা তালাক সম্পন্ন হয় এবং দেনমোহরের টাকা পরিশোধ করা হয়। তবে সংসার চলাকালে রবিউলের অজান্তে ধারণ করা আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও রেখে দেন মৌসুমী। পরবর্তীতে সেসব ছবি তাঁর একাধিক ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়।
গত ৪ আগস্ট রবিউল ইসলামের বাবা অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হলে সেখানে অবস্থানকালে রবিউল বিষয়টি জানতে পারেন। ছবি অপসারণের অনুরোধ জানালে অভিযুক্ত মৌসুমী ২০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো বিভিন্ন পেজ ও আইডিতে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় ভুক্তভোগী রবিউল আদালতে এই মামলা করেন।