Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাছাইপর্বের বাঁধা ছাড়াই ক্রিকেট বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১২:০৫ পিএম
বাছাইপর্বের বাঁধা ছাড়াই ক্রিকেট বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল ছবি: সংগৃহীত

আফগানিস্তানের এক জয় যেন একসঙ্গে দুটি দেশের ভাগ্য নির্ধারণ করে দিল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফগানরা। আর তাদের এই জয়ে কোনো সমীকরণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর তথ্যানুযায়ী, এই ম্যাচের ফলাফলের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থানের ভিত্তিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ৮টি দলের তালিকা চূড়ান্ত হয়ে গেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া যৌথ আয়োজক হিসেবে কোনো সমীকরণ ছাড়াই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

অন্যদিকে, চরম হতাশায় ডুবেছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারও পেরোতে হবে কঠিন বাছাইপর্বের বাধা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে নামতে হচ্ছে ক্যারিবীয়দের। এর আগে ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও সরাসরি সুযোগ পেতে ব্যর্থ হয়েছিল তারা, যা শেষ পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসেই তাদের প্রথম অনুপস্থিতির তিক্ত অভিজ্ঞতা দিয়েছিল।

২০২৭ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি ওঠার জন্য আইসিসি নির্ধারিত চূড়ান্ত সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ বাকি থাকলেও, সেগুলোতে জয় পেলেও সময়সীমার মধ্যে সেরা আটে ওঠার মতো পর্যাপ্ত পয়েন্ট পাওয়া তাদের পক্ষে গাণিতিকভাবে আর সম্ভব নয়।

ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে খেলেই মূল পর্বের টিকেট নিশ্চিতে লড়াই করতে হবে শাই হোপের দলকে। যৌথ আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর, আর ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)