নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
তিন বোতল ফেনসিডিলের মামলায় সাত বছর পর মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন বেনাপোলের শিবনাথপুর গ্রামের দক্ষিণপাড়ার সালাউদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিবনাথপুর গ্রামে দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় দেলোয়ার পালিয়ে গেলেও ঘর তল্লাশি করে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে পলাতক দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।