নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের দুটি এসি আত্মসাতের অভিযোগে এক বাড়িওয়ালা এবং তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর শহরের বেজপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ শামিম ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন—শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী রিপা বেগম (৫৫) এবং তাদের ছেলে সাকিব ইসলাম (৩০)।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
মামলার বিবরণীতে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি আসামি সাইফুল ইসলামের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন শামিম ইসলাম। চুক্তি অনুযায়ী তিনি দুই মাসের অগ্রিম ভাড়া বাবদ ৩৮ হাজার টাকা পরিশোধ করেন এবং ফ্ল্যাটে দুটি এসি স্থাপন করেন। কিন্তু গত ২৫ মার্চ বিবাদীরা আকস্মিকভাবে তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে তিনি আসবাবপত্র নিয়ে বাসা ছেড়ে দেন।
পরদিন ২৮ মার্চ তিনি তার এসি দুটি খুলতে গেলে বিবাদীরা জানান যে, তারা নিজস্ব মিস্ত্রি দিয়ে এসি খুলে দেবেন। এরপর দীর্ঘ দিন পার হয়ে গেলেও তারা এসি ও অগ্রিম টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা করতে থাকেন। পরবর্তীতে এক সালিশি বৈঠকে বিবাদীরা স্বীকার করেন যে, তারা এসি দুটি বিক্রি করে দিয়েছেন এবং অগ্রিম ভাড়ার কোনো টাকা ফেরত দেওয়া হবে না। এ সময় বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হন।