ক্রীড়া ডেস্ক
প্রতিনিয়ত নিজের গড়া উচ্চতাকেই ছাপিয়ে যাচ্ছেন লিওনেল মেসি ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসের পাতায় রেকর্ড ভাঙা-গড়ার খেলাটা লিওনেল মেসির জন্য যেন একেবারেই ডালভাত। মাঠের লড়াইয়ে নামলেই কোনো না কোনো নতুন ইতিহাস গড়ে মেতে ওঠেন উদযাপনে। এবার এক ফাইনালে নামার পর নিজের করা আগের রেকর্ডই চুরমার করে দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারজুড়ে ভিন্ন ভিন্ন ফাইনালে গোল করার সংখ্যাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়—এখন পর্যন্ত ফাইনালে তার করা মোট গোলসংখ্যা দাঁড়ালো ৩৬টিতে, যা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা রেকর্ড।
শুধু আন্তর্জাতিক বা বিশ্বমঞ্চের পারফরম্যান্সই নয়, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়েও তিনি গড়েছেন অভূতপূর্ব নজির। মিয়ামির গোলাপি জার্সিতে মাত্র ১১৪টি ম্যাচ খেলে ক্লাবটির ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের দেখা পেয়েছেন মেসি। এতে তিনি প্রমান করলেন, মেজর লিগ সকারেও (এমএলএস) তার পারফরম্যান্সের ধার বিন্দুমাত্র কমেনি।
এই নতুন মাইলফলক অর্জনের পর মেসির সমৃদ্ধ ক্যারিয়ারে এখন পর্যন্ত গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯২৯টিতে। বয়সের তোয়াক্কা না করে একের পর এক টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। একের পর এক মাইলফলক স্পর্শ করে চলা মেসির এই ঐতিহাসিক পথচলা ফুটবল দুনিয়ায় আরও বহুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই বাহুল্য।