ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে হাজিরবাগ ইউনিয়নকে টাইব্রেকারে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঝিকরগাছা ইউনিয়ন ফুটবল দল।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটিকে কেন্দ্র করে মাঠের চারপাশে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। টানটান উত্তেজনার এই ম্যাচটি উপভোগ করতে মাঠের কোনায় কোনায় দর্শকরা দাঁড়িয়ে ও বসে ভিড় জমান।
নির্ধারিত সময়ের খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে, তবে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলের মধ্যেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ঝিকরগাছা ইউনিয়ন দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৫-২ গোলে হাজিরবাগ ইউনিয়নকে পরাজিত করে। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা করে নেয় ঝিকরগাছা ইউনিয়ন।
খেলা শেষে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম ইকু, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী, সাংবাদিক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে, যেখানে শংকরপুর ইউনিয়ন ও গঙ্গানন্দপুর ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হবে।