ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানকে মাত্র ১৭১ রানে গুটিয়ে দিয়ে হেডিংলি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ইংলিশ দুই পেসার অলি রবিনসন ও জশ টাংয়ের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে ম্যাচের উত্তেজনা বা পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে ম্যাচ শেষে দুই বোলারের একটি অবিশ্বাস্য কাণ্ড নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের এক বিরল দৃশ্য গড়ে স্মারক স্মারক বলটি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিজেদের কাছে রেখে দিয়েছেন তারা।
হেডিংলি টেস্টে পাকিস্তান ৮০ ওভারের আগেই অলআউট হয়ে যাওয়ায় ম্যাচে একটিমাত্র লাল বলেই বোলিং করতে হয়েছে। নিয়ম অনুযায়ী, এক ইনিংসে ৫ উইকেট পাওয়া বোলারকে সেই ম্যাচ বলটি উপহার হিসেবে দেওয়া হয়। কিন্তু বিপত্তি বাঁধে এখানেই—পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার পথে অলি রবিনসন ৫১ রানে ৫ উইকেট এবং জশ টাং ৪৬ রানে ৫ উইকেট পান। দুই জনই সমানসংখ্যক উইকেট পাওয়ায় একটিমাত্র বল কে পাবেন, তা নিয়ে তৈরি হয় মিষ্টি এক সংকট।
এই সমস্যার ব্যতিক্রমী সমাধান বাতলে দেন রবিনসনই। মাঠে নামার পথেই তিনি টাংকে প্রস্তাব দেন ৬ আউন্সের ঐতিহাসিক বলটি কেটে দু’টুকরো করার। টাং সানন্দে এতে সায় দিলে ইংল্যান্ড ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট বলটিকে কেটে দুই ভাগে বিভক্ত করে দেয়। ফলে দুই পেসারই স্মারক হিসেবে হাতে পান ঐতিহাসিক বলটির এক-একটি টুকরো।
অদ্ভুত এই ঘটনার কথা দিনশেষে রবিনসন নিজেই সংবাদমাধ্যমকে জানান, “মাঠ ছাড়ার সময় আমিই টাংকে বলটি কেটে ভাগ করার প্রস্তাব দিই। সেও তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। বল কেটে স্মারক রাখার এমন দৃশ্য সত্যিই বিরল। সচরাচর এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা ঘটে না, তাই স্মরণীয় এই অর্জনকে ধরে রাখার জন্য এটি ছিল সেরা উপায়।”
ক্রিকেটের পরিসংখ্যানেও এই দুই বোলারের ঝুলিতে জমা হয়েছে বড় রেকর্ড। অলি রবিনসনের এটি টেস্ট ক্যারিয়ারের পঞ্চম এবং জশ টাংয়ের চতুর্থ ফাইভ উইকেট শিকার। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে একই ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটি ১৬তম, তবে গত দুই দশকের মধ্যে এটাই প্রথম। ২০০৬ সালে ম্যানচেস্টারে পাকিস্তানের বিরুদ্ধেই সর্বশেষ যৌথভাবে ৫ উইকেট পেয়েছিলেন ইংলিশ স্পিনার মন্টি পানেসার ও পেসার স্টিভ হার্মিসন।
আর কেবল পেসারদের হিসাব করলে ইংলিশদের এমন কীর্তি দেখতে পিছিয়ে যেতে হবে দীর্ঘ ২৮ বছর। ১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টে একই ইনিংসে ৫টি করে উইকেট পেয়েছিলেন অ্যাঙ্গাস ফ্রেজার ও অ্যান্ডি ক্যাডিক। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ৫৮তম ঘটনা এটি। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন।