Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আর্জেন্টিনার একাদশে চমক মেদিনা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৬:২৭ এ এম
আপডেট : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৯:৩৯ এ এম
আর্জেন্টিনার একাদশে চমক মেদিনা

ছবি: সংগৃহীত

অপেক্ষার প্রহর ফুরিয়ে আসছে। এরপরই বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের জন্য শক্তিশালী একাদশ চূড়ান্ত করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে চেনা রূপেই ফিরছেন ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। আঙুলের চোটের কারণে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও সব শঙ্কা উড়িয়ে প্রথম ম্যাচেই গ্লাভস হাতে নামছেন এই বিশ্বস্ত প্রহরী।

রক্ষণভাগে কিছুটা পরিবর্তন এনেছেন স্কালোনি। মাংসপেশির চোটের কারণে লড়াকু লেফট-ব্যাক নিকোলাস টাগলিয়াফিকো ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ফাকুন্দো মেদিনা। তার সঙ্গে রক্ষণ দুর্গ পাহারা দেবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং কাতার বিশ্বকাপের ফাইনালের নায়ক গঞ্জালো মন্তিয়েল। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির জায়গায় লিসান্দ্রো মার্টিনেজের ওপরই ভরসা রাখছেন কোচ।

মাঝমাঠে অবশ্য কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি স্কালোনি। কাতার বিশ্বকাপের চেনা ও পরীক্ষিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক আলিস্টারই থাকছেন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে। 

আক্রমণভাগে অবধারিতভাবেই দলের ভরসার প্রতীক হয়ে থাকছেন লিওনেল মেসি। তার সঙ্গে লাউতারো মার্টিনেজের ওপর আস্থা রেখেছেন কোচ। এতে বেঞ্চে থাকতে হচ্ছে হুলিয়ান আলভারেজকে। তবে আক্রমণভাগের সবচেয়ে বড় চমক থিয়াগো আলমাদা। তরুণ এই প্রতিভাবান ফরোয়ার্ডকে প্রথম ম্যাচের একাদশে রেখে আলজেরিয়ার রক্ষণ ভাঙার ছক কষেছেন স্কালোনি।

বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৭টায় কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের সেই তেতো স্মৃতি মনে রেখে এবার আলজেরিয়ার বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মুখিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে আলজেরিয়ার নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দি। গোলবারের নিচে লুকা জিদানকে রেখে চার ডিফেন্ডারের রক্ষণ সাজিয়েছেন কোচ। রক্ষণে আরও থাকছেন রায়ান আইত-নুরি, রাফিক বেলঘালি ও রামি বেনসেবাইনি। মাঝমাঠে ফারেস শাইবি, হিচাম বুদাউই, নাবিল বেনতালেব ও ইব্রাহিম মাজা, আর আক্রমণে আমিন গুইরি ও আনিস হাজ মুসাকে নিয়ে মাঠে নামবে আফ্রিকার দলটি।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ ।

আলজেরিয়ার একাদশ: লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি (অধিনায়ক), রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, ফারেস শাইবি, হিচাম বুদাউই, নাবিল বেনতালেব, ইব্রাহিম মাজা, আমিন গুইরি, আনিস হাজ মুসা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)