Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের

বাসস বাসস
প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:৩৮ এ এম
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও পেসার রিতু মনির বোলিং নৈপুণ্যে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও পেসার রিতু মনির বোলিং নৈপুণ্যে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (২ জুন) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটল্যান্ড। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নেদারল্যান্ডস। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছিল টাইগ্রেসরা।

এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় ২৩ রানে ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। দিলারা আক্তার ১৫, জুয়াইরিয়া ফেরদৌস শূন্য ও তাজ নেহার ৪ রানে ফিরেন।

শুরুর ধাক্কা সামাল দিতে চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন অধিনায়ক নিগার ও সোবহানা মোস্তারি। ৫৮ বলে ৭৭ রানের জুটিতে বাংলাদেশের স্কোর ১শতে নেন তারা। ৫ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করে থামেন মোস্তারি। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে শেষ ওভারে আউট হন নিগার। ৬টি বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।

ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তারের ২৩ বলে ২০ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে বাংলাদেশের দুই বোলার মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার তোপের মুখে ১ রানে ২ উইকেট হারায় স্কটল্যান্ড।

মিডল অর্ডারে ছোট-ছোট জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। কিন্তু বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সামনে বড় ইনিংস খেলতে পারেনি স্কটিশ ব্যাটাররা। ফলে ১৯ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। দলের হয়ে সারা ব্রাইস সর্বোচ্চ ৪০ রান করেন।

রিতু মনি ১২ রানে ৪ উইকেট নেন। এরমধ্যে নিজেদের দ্বিতীয় ও ইনিংসের ১৮তম ওভারে ৩ উইকেট নেন তিনি। ৫৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন নিগার। আগামী ৪ জুন লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)