ক্রীড়া ডেস্ক
জুলিয়ান আলভারেজ ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
ফুটবল দলবদলের বাজারে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার সম্পর্কের বরফ গলে এখন যেন লাভা হয়ে ঝরছে। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে কাতালান ক্লাবটির ওপর চরম ক্ষুব্ধ অ্যাটলেটিকো। ক্লাবের অন্দরে জমে থাকা সেই ক্ষোভ এবার রূপ নিয়েছে প্রকাশ্য বিবৃতিতে, যা কার্যত বার্সেলোনার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণার শামিল।
অ্যাটলেটিকো মাদ্রিদের দাবি, মিডিয়াকে ব্যবহার করে পরিকল্পিতভাবে হুলিয়ান আলভারেজকে নিয়ে চাপ সৃষ্টি করছে বার্সেলোনা। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর আপডেট থেকে শুরু করে বার্সা-ঘনিষ্ঠ সাংবাদিকদের অতি-তৎপরতা—সবকিছুই এখন অ্যাটলেটিকোর কাছে চরম অপমানজনক মনে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অ্যাটলেটিকো প্রেসিডেন্ট এনরিকে সেরেজো বার্সেলোনায় লাঞ্চ করতে গেলেও হুয়ান লাপোর্তার পক্ষ থেকে আলভারেজকে নিয়ে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এমনকি হুয়ানমা লোপেজের রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ক্যামেরা সেটআপ করে পুরো বিষয়টিকে একটি ‘পাবলিক সার্কাস’ বানানোর অভিযোগও তুলেছে মাদ্রিদের ক্লাবটি।
এই ট্রান্সফার সাগা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে অ্যাটলেটিকো মাদ্রিদ সরাসরি জানিয়ে দিয়েছে:
বার্সেলোনার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অফার বা প্রস্তাব দেওয়া হয়নি। কোনো ধরনের কিস্তি (ইনস্টলমেন্ট) বা অ্যাড-অনস ভিত্তিক প্রস্তাব তারা বিবেচনাও করবে না। যদি নিতেই হয়, তবে তার ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সম্পূর্ণ ক্যাশ আকারে লা লিগা হেডকোয়ার্টার্সে জমা দিতে হবে।
ক্লাবটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “প্লেয়ার পুরোপুরি সুরক্ষিত। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং আমরা তাকে নিয়ে অত্যন্ত সন্তুষ্ট।”
বিবৃতির সবচেয়ে বিস্ফোরক অংশটি ছিল বার্সেলোনাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো। তারা স্পষ্ট ভাষায় বলেছে— “সমস্যাটা আসলে বার্সেলোনা।”
ইউরোপিয়ান ফুটবলের দুই জায়ান্ট ক্লাবের এই অহংকারের লড়াই (ইগো ব্যাটেল) এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।