নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইছালী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান। শনিবার (৩০ মে) বিকেল ৪টা থেকে তিনি মোটরসাইকেল বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে ইছালী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি কোনো দলের চেয়ারম্যান নয়, পুরো ইউনিয়নবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করব। একজন জনপ্রতিনিধির চেয়ে সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। কোনো মানুষ যেন জন্মনিবন্ধন, নাগরিক সনদ বা অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সুশাসন, ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ, কৃষক, শ্রমিক ও যুবকদের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
ঈদকে সামনে রেখে আয়োজিত এই গণসংযোগ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকে। নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে এই মতবিনিময় কার্যক্রম চলমান থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর থানার সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুদ্দীন, ইছালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. মাহফুজুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন পরিচালক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।