ক্রীড়া ডেস্ক
মরক্কো জাতীয় ফুটবল দল ছবি: সংগৃহীত
আগামী জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। নতুন কোচ মোহাম্মদ উয়াহবির ঘোষিত এই স্কোয়াডে যেমন বড় চমক রয়েছে, তেমনি বাদ পড়েছেন মরক্কোর ফুটবল ইতিহাসের বেশ কয়েকজন চেনা মুখ।
বড় চমক বাউআদ্দি, বাদ জিয়েশ-নেসিরি
ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক ফরাসি ক্লাব লিলের মিডফিল্ডার আয়্যুব বাউআদ্দি। লিগ ‘আঁ’তে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়া এই ফুটবলার আগে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। সম্প্রতি ফিফা তার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করায় প্রথমবারের মতো মরক্কো জাতীয় দলে ডাক পেলেন তিনি।
তবে নতুন কোচের এই স্কোয়াডে জায়গা হয়নি গত বিশ্বকাপে ইতিহাস গড়া দলের দুই প্রধান তারকা ইউসেফ এন-নেসিরি এবং হাকিম জিয়েশের। ২০২২ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোল করা এন-নেসিরি এবং অভিজ্ঞ মিডফিল্ডার জিয়েশ—উভয়কেই পরিকল্পনার বাইরে রেখেছেন গত মার্চে দায়িত্ব নেওয়া কোচ উয়াহবি। এছাড়া সেমিফাইনাল খেলা দলের আরও তিন তারকা সোফিয়ান বুফাল, জাওয়াদ এল ইয়ামিক এবং আশরাফ দারিতোও বাদ পড়েছেন এবারের দল থেকে।
চোট কাটিয়ে অধিনায়ক হাকিমি দলে
মরক্কো সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হলো পিএসজির তারকা ডিফেন্ডার ও অধিনায়ক আশরাফ হাকিমি। চোটের কারণে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে রেখেই রক্ষণভাগ সাজিয়েছেন কোচ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর ম্যাচের সূচি
বিশ্বকাপে মরক্কোর মিশন শুরু হচ্ছে আগামী ১৩ জুন, ইস্ট রাদারফোর্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন ফক্সবোরোতে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। আর ২৪ জুন আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে 'অ্যাটলাস লায়ন্স'রা।
এক নজরে মরক্কোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ইয়াসিন বোনো, মুনির এল কাজুই ও রেদা তাগনাউতি।
ডিফেন্ডার: আশরাফ হাকিমি (অধিনায়ক), নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেল্লামারি, জাকারিয়া এল ওউয়াহদি, নায়েফ আগের্ড, ছাদি রিয়াদ, রেদোয়ান হালহাল ও ইসা দিয়প।
মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত, আজ়েদ্দিন ওউনাহি, বিলাল এল খাননুস, আয়্যুব বাউআদ্দি, সামির এল মুরাবেত, নীল এল আয়নাউই এবং ইসমাইল সাবিরি।
ফরোয়ার্ড: ব্রাহিম দিয়াজ, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, আবদে এজ়ালজুলি, ছেমসদিন তালবি, গেসিম ইয়াসিন এবং আয়ুব আমাইমুনি।