ক্রীড়া ডেস্ক
আলভারো আরবেলোয়া ছবি: গেটি ইমেজ স্পোর্টস
রিয়াল মাদ্রিদের ডাগআউটে চার মাসের সংক্ষিপ্ত অধ্যায়ের ইতি টেনে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন আলভারো আরবেলোয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে সাবেক গুরু হোসে মরিনহোর ফেরার জোর গুঞ্জনের মাঝেই প্রথম দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ডিফেন্ডার। বিদায়বেলায় ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
চলতি মৌসুমের শুরুতে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন জাবি আলোনসো। কিন্তু গত জানুয়ারিতে তিনি বরখাস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদ 'বি' টিম থেকে প্রথম দলের প্রধান কোচের দায়িত্বে আসেন আরবেলোয়া। তবে কোচ বদল করেও রিয়ালের ভাগ্যের চাকা ঘোরেনি। ঘরোয়া ও ইউরোপীয়—কোনো প্রতিযোগিতাতেই ট্রফি জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা।
এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে লা লিগার শিরোপা দৌড় থেকে ছিটকে যায় রিয়াল। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের স্বপ্নভঙ্গ হয় বায়ার্ন মিউনিখের কাছে।
ক্লাব ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বিদায়
আকাঙ্ক্ষিত সাফল্য না এলেও ক্লাবের কঠিন সময়ে পাশে থাকার জন্য স্কোয়াডের খেলোয়াড় ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ তারকা। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে এবার পুরোপুরি বিদায় নিচ্ছেন তিনি; অর্থাৎ, নিজের পুরোনো পদ 'বি' টিম বা একাডেমির দায়িত্বে আর ফিরছেন না আরবেলোয়া।
বিদায়ী সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন:
"আশা করি এটি বিদায় নয়, বরং আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কারণ রিয়াল মাদ্রিদকে আমি সবসময় আমার ঘর মনে করি। এখানে আমি ২০ বছর ধরে বিভিন্ন ভূমিকায় ছিলাম। কোচ হিসেবে চলতি মৌসুমে এটিই আমার শেষ ম্যাচ, তবে ভবিষ্যতে আর কখনো রিয়ালের ডাগআউটে ফিরব না—তা নিশ্চিত করে বলা যায় না।"
খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন:
"আমি আমার খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে প্রতিদিন নতুন কিছু শিখিয়েছে এবং গত ১২ বা ১৩ জানুয়ারির চেয়ে আজ আমাকে একজন আরও ভালো কোচ হিসেবে গড়ে তুলেছে। আমাকে এই বড় সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট এবং হোসে আনহেলের কাছে আমি ঋণী। গত ৮ বছরে রিয়াল মাদ্রিদকে আমি খুব কাছ থেকে চিনেছি এবং চমৎকার কিছু বন্ধু নিয়ে বিদায় নিচ্ছি। আশা করি কোনো একদিন আবার এখানে ফিরব।"