ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
সভাপতি আরাফাত কল্লোল ও সাধারণ সম্পাদক শাহাজাহান আলী। ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ঝিকরগাছা স্পোর্টস ক্লাব’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৭টায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুন্না। সভায় ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। সভায় ঝিকরগাছার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী এবং সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম ইকু।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ খেলোয়াড়দের সম্পৃক্ত করে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ঝিকরগাছা একসময় ক্রীড়াঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছিল। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এছাড়া যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
তারা আরও জানান, ভবিষ্যতে ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণ ক্যাম্প, প্রীতি ম্যাচ, টুর্নামেন্ট এবং সামাজিক সচেতনতামূলক ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হবে।
ধ্রুব/এস.আই