ক্রীড়া ডেস্ক
ড্রেসিংরুমে মারামারিতে জড়িয়ে পড়েন ভালভার্দে ও চুয়ামেনি ছবি: প্রতীকি ছবি/এআই দ্বারা তৈরি
মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছেন দুই তারকা মিডফিল্ডার ফেদে ভালভার্দে এবং অহেলিয়া চুয়ামেনি। এই মারামারিতে ভালভার্দে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় জরুরি সংকটে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।
বুধবার অনুশীলনের সময় একটি ফাউলকে কেন্দ্র করে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই শত্রুতা চরমে পৌঁছায়: সকালে অনুশীলনের আগে চুয়ামেনির বাড়ানো হাত ফিরিয়ে দেন ভালভার্দে, যা পরিবেশকে আরও বিষিয়ে তোলে। অনুশীলন শেষে সাজঘরে (ড্রেসিংরুম) ফিরে যাওয়ার পর দুই জন সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতীর্থরা তাদের আলাদা করতে বাধ্য হন।ধস্তাধস্তির এক পর্যায়ে ভালভার্দে মাথায় প্রচণ্ড আঘাত পান। প্রত্যক্ষদর্শীদের মতে, সরাসরি ঘুসি নয় বরং ধস্তাধস্তির সময় কোনো কিছুর সাথে ধাক্কা লেগে তার কপাল ফেটে যায়।
জরুরি ব্যবস্থা
আঘাত গুরুতর হওয়ায় কোচ আলভারো আরবেলোয়া নিজেই ভালভার্দেকে নিয়ে হাসপাতালে যান। সেখানে মাথায় সেলাই দেওয়ার পর তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়। ঘটনার পরপরই ক্লাবের সাধারণ সম্পাদক হোসে আনহেল সানচেজ সাজঘরের দরজা বন্ধ করে দেন এবং সকল খেলোয়াড়কে নিয়ে জরুরি বৈঠক করেন। দোষী খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর শাস্তির ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিপর্যস্ত রিয়াল শিবির
আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এমন অভ্যন্তরীণ কলহ রিয়াল মাদ্রিদকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। ক্লাবের পরিবেশ এখন এতটাই বিষাক্ত যে, অনেক খেলোয়াড়ই একে অপরের সাথে কথা বলছেন না। এই পরাজয় বার্সেলোনাকে শিরোপার সুনিশ্চিত সুযোগ করে দিতে পারে। স্পোর্টস সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী "এটি আর কোনো ছোটখাটো বিবাদ নেই, এটি একটি দাবানল। সান্তিয়াগো বার্নাব্যুর নীতিনির্ধারকরা দলের এই বিভাজন নিয়ে চরম উদ্বিগ্ন।"