ক্রীড়া ডেস্ক
সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্স নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
লিভারপুলের প্রধান মালিক জন হেনরি কোচ আর্নে স্লট এবং অ্যানফিল্ডের নীতি-নির্ধারকদের যেন এক প্রচ্ছন্ন সতর্কবার্তা পাঠালেন। ক্লাবটির চড়াই-উতরাইয়ের এই মৌসুমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) কখনোই 'দ্বিতীয় সেরা' হওয়া মেনে নেবে না। নিজের অধীনে থাকা স্পোর্টিং প্রপার্টিগুলোর উচ্চমান বজায় রাখার বিষয়ে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এই আমেরিকান টাইকুন।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুল এখন পর্যন্ত ১৮টি ম্যাচে হারের মুখ দেখেছে। ২০১৪-১৫ মৌসুমে ব্রেন্ডন রজার্সের অধীনে ক্লাবটির যে নাজুক অবস্থা হয়েছিল, এরপর হারের পরিসংখ্যানে এটিই তাদের সবচেয়ে বাজে রেকর্ড। যদিও ক্লাবটি এখনো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনের দৌড়ে টিকে আছে, তবে গত বছরের শিরোপাজয়ী পারফরম্যান্সের তুলনায় এই ছন্দপতন বোর্ড সদস্যদের নজর এড়ায়নি।
সম্প্রতি এমএলবি সিজনে বাজে সূচনার কারণে বোস্টন রেড সক্সের ম্যানেজার অ্যালেক্স কোরাকে বরখাস্ত করার পর হেনরির এই মন্তব্য সামনে এলো। 'স্পোর্টস বিজনেস জার্নাল'-কে দেওয়া এক ইমেইল বার্তায় ৭৬ বছর বয়সী এই ব্যবসায়ী তার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি যোগসূত্র টেনেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে, ভক্তরা তাদের অসন্তুষ্টি প্রকাশ করতেই পারেন, কিন্তু নেতৃত্বের মূল লক্ষ্য হলো জয়ের ধারায় ফেরার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া।
সমর্থকদের চাপ এবং মালিকানার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে হেনরি লিভারপুল ভক্তদের এক প্রতিবাদের কথা মনে করিয়ে দেন। তিনি লেখেন, "ভক্তরা হতাশ হয়ে পড়েন। রেড সক্সও প্রথম ২৫ ম্যাচে ভয়াবহ খেলেছে। আমার মনে আছে, আমরা যখন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারাচ্ছিলাম, তখনও মাথার ওপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল যাতে লেখা ছিল— 'এফএসজি আউট!'। এর মানে এই নয় যে আপনি তাদের অবজ্ঞা করবেন, বরং এর মানে হলো আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে— আপনি মাঝারি মানের ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন না। আপনাকে জিততেই হবে।"
ঘরোয়া ফুটবলে ধুঁকলেও ইউরোপজুড়ে আর্নে স্লটের সুনাম এখনো অটুট, বিশেষ করে ডাচ ক্লাব ফেইনুর্ডে তার আগের সাফল্যের কারণে। এর মধ্যেই খবর ছড়িয়েছে যে, স্লটকে নেদারল্যান্ডসে ফিরিয়ে নেওয়ার জন্য আয়াক্স যোগাযোগ করেছিল। আমস্টারডামের এই ক্লাবটি তাদের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার গার্সিয়ার স্থায়ী উত্তরসূরি খুঁজছে এবং স্পোর্টিং রিকভারির জন্য স্লটকেই তাদের প্রধান পছন্দ ছিল।
তবে আয়াক্সের সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। জানা গেছে, ৪৭ বছর বয়সী স্লট অ্যানফিল্ডে তার প্রজেক্ট নিয়ে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ২০২৭ সালের জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে।