ক্রীড়া ডেস্ক
গ্রেচেন ওয়ালশ ছবি: অফিশিয়াল ইন্সটাগ্রাম
সাঁতারের পুলে থামানোই যাচ্ছে না আমেরিকান তারকা গ্রেচেন ওয়ালশকে। ফ্লোরিডার ফোর্ট লাউডারডেল ওপেনে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নিজের গড়া বিশ্ব রেকর্ড আবারও ভেঙে চুরমার করেছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো এই ইভেন্টে বিশ্ব রেকর্ড নিজের দখলে নিলেন এই ২৩ বছর বয়সী সাঁতারু।
শনিবারের এই আসরে ওয়ালশ মাত্র ৫৪.৩৩ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন। এর আগে গত বছরের মে মাসে একই পুলে তার করা রেকর্ডটি ছিল ৫৪.৬০ সেকেন্ড। অর্থাৎ, নিজের আগের রেকর্ডের চেয়ে ০.২৭ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো, গত বছর একদিনেই তিনি দুইবার রেকর্ড ভেঙেছিলেন।
বর্তমানে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ওয়ালশের ধারেকাছেও কেউ নেই। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সাঁতারু সুইডেনের সারা সিয়োস্ট্রোমের (৫৫.৪৮ সেকেন্ড) চেয়েও ওয়ালশ এখন এক সেকেন্ডের বেশি এগিয়ে। এমনকি এবারের আসরে রুপা জয়ী ক্লেয়ার কারজানের (৫৮.৪৪ সেকেন্ড) চেয়ে তিনি প্রায় চার সেকেন্ড দ্রুত সাঁতার কেটেছেন।
রেকর্ড গড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বসিত দেখায় ওয়ালশকে। মজা করে তিনি লেখেন, বিশ্ব রেকর্ড ভাঙাটাকে এখন তার কাছে "বার্ষিক ইভেন্ট" বলে মনে হচ্ছে।
ফোর্ট লাউডারডেল ওপেনে ওয়ালশের পাশাপাশি দ্যুতি ছড়িয়েছেন অলিম্পিক হিরো লিওন মার্চাঁ এবং কিংবদন্তি ক্যাটি লেডেকি।
লিওন মার্চাঁ: ফরাসি এই তারকা শনিবার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক (২:০৯.০৪ মিনিট) এবং ২০০ মিটার ব্যক্তিগত মেডলি (১:৫৭.২৮ মিনিট) জিতে আসরে নিজের চতুর্থ শিরোপা নিশ্চিত করেন। সামনে প্যারিসে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই তিনি এই আসরে অংশ নিচ্ছেন।
ক্যাটি লেডেকি: ইতিহাসের সবচেয়ে সফল নারী অলিম্পিয়ান ক্যাটি লেডেকি ৮০০ মিটার ফ্রিস্টাইলে বরাবরের মতোই দাপট দেখিয়েছেন। ৮:১২.৬৬ মিনিট সময় নিয়ে তিনি স্বর্ণ জেতেন, যা দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীর চেয়ে প্রায় ৩০ সেকেন্ড দ্রুত।