ক্রীড়া ডেস্ক
প্রতীকি ছবি ছবি: সংগৃহীত
স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই এখন এমন এক নাটকীয় পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে রিয়াল মাদ্রিদের প্রতিটি পা হড়কানো মানেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার উৎসব। সমীকরণ বলছে, বার্সেলোনার ২৬তম লিগ শিরোপা জয় এখন কেবল সময়ের ব্যাপার। তবে আজকের রিয়াল বনাম এস্পানিওল ম্যাচটি এই উদযাপনে যোগ করেছে ভিন্ন মাত্রা।
রিয়াল মাদ্রিদ যদি আজ এস্পানিওলের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয়, তবে মাঠের লড়াই ছাড়াই আজই স্পেনের নতুন রাজা হিসেবে অভিষেক ঘটবে বার্সেলোনার। আর এমনটা ঘটলে আগামী এল ক্লাসিকোতে ক্যাম্প ন্যু-তে দেখা যেতে পারে এক বিরল দৃশ্য। শিরোপাজয়ী দলকে সম্মান জানাতে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রদের মতো রিয়াল তারকাদের দিতে হতে পারে ‘গার্ড অব অনার’। নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে এই সম্মান পাওয়া বার্সা সমর্থকদের জন্য হবে এক পরম পাওয়া।
মাদ্রিদ যদি আজ পূর্ণ পয়েন্ট অর্জন করে, তবে লিগের নিষ্পত্তি ঝুলে থাকবে এল ক্লাসিকো পর্যন্ত। সেক্ষেত্রে বার্সেলোনার সামনে সুযোগ থাকবে নিজেদের মাঠ ক্যাম্প ন্যু-তে রিয়াল মাদ্রিদকে হারিয়েই আনুষ্ঠানিকভাবে লিগ শিরোপা নিশ্চিত করার। ঘরের মাঠে চিরশত্রুদের বিপক্ষে জয় দিয়ে ট্রফি উৎসব করা হবে কাতালানদের জন্য স্বপ্নের মতো এক সমাপ্তি।
মাঠের সমীকরণের বাইরে হাতে থাকা ম্যাচগুলো বিবেচনায় নিলে বার্সার এই লিগ জয় আটকানোর সাধ্য এখন কারো নেই।
এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ কি আজ জিতে এল ক্লাসিকো পর্যন্ত লড়াইটা টেনে নিতে পারে, নাকি আজই এস্পানিওলের হাতে তুলে দেয় বার্সার লা লিগা।