ক্রীড়া ডেস্ক
International Cricket Council ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এবারের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গে। সম্প্রতি এক অনলাইন বোর্ড মিটিংয়ে এই ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৮ থেকে ১১ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই সভায় সভাপতিত্ব করবেন।
এবারের সম্মেলনটি শুরু হবে ইংল্যান্ডে আয়োজিত নারী বিশ্বকাপের ঠিক পরেই। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১২ জুন শুরু হয়ে শেষ হবে ৫ জুলাই। লর্ডসে ফাইনাল ম্যাচ দেখার পর আইসিসি সদস্যবৃন্দ সেখান থেকেই সরাসরি স্কটল্যান্ডে সম্মেলনে যোগ দেবেন।
এবারের এডিনবার্গে সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হলো আইসিসি সহযোগী বোর্ড পরিচালকদের নির্বাচন। আইসিসির ১৭ সদস্যের মূল বোর্ডে সহযোগী দেশগুলো থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। দুই বছর মেয়াদী এই পদের জন্য বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে নামার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন:
স্টিফেন মুসালে: রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান।
ড. রুডি ফন ভুরেন: ক্রিকেট নামিবিয়ার প্রেসিডেন্ট।
নীল স্পেইট: বারমুডার প্রতিনিধি।
শঙ্কর রঙ্গনাথন: ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি।
গুরুমূর্তি পালানি: সিইসি-র বর্তমান সহযোগী সদস্য।
এ ছাড়াও বর্তমান পরিচালক মুবাশির উসমানি, মাহিন্দা ভালিপুরম এবং আইসিসির বর্তমান ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য যে, আইসিসির এই বোর্ড মিটিংটি মূলত ২৫-২৭ মার্চ কাতারের দোহায় হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি স্থগিত করা হয় এবং শেষ পর্যন্ত ভার্চুয়ালি বা অনলাইনে আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি।