নিজস্ব প্রতিবেদক
বিজয়ী দলের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সাবিরা সুলতানা মুন্নি ছবি: ধ্রুব নিউজ
জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোরের ঝিকরগাছায় আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ফাইনালে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাব আয়োজিত এ ফাইনাল অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ঝিকরগাছা সদর ইউনিয়ন দলের বিদেশি খেলোয়াড় সেলিমের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। রানার্সআপ দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন দলের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
ফাইনাল ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঝিকরগাছার ইমন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ঝিকরগাছা দলের গোলরক্ষক এ্যানি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী বলেন, ক্রীড়াঙ্গনে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি প্রত্যাশা করেন, পরবর্তী প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়তে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ভূমিকা রাখবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী করে তুলতে হবে। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম উপযুক্ত মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আরাফাত কল্লোল।