বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
মেটার নতুন ভেরিফায়েড ব্যাজ যেমন হতে পারে ছবি: জিএসএমএরেনা
ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি নতুন ও বড় সামাজিক নিরাপত্তার খবর নিয়ে এসেছে মেটা। এবার কোনো প্রকার টাকা খরচ ছাড়াই নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করার পাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছদ্মবেশ বা ভুয়া পরিচয় শনাক্ত করা সহজ করার লক্ষ্যেই এই নতুন 'ফেসবুক ভেরিফায়েড' সুবিধা চালু করা হচ্ছে।
মেটার এই স্বয়ংক্রিয় ভেরিফিকেশন ব্যবস্থার সুবিধা নিতে হলে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও আপলোড করতে হবে। এরপর এআই প্রযুক্তি সেলফি ভিডিওর সঙ্গে প্রোফাইল ছবি মিলিয়ে পরিচয় যাচাই করবে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হয়ে যাবে।
তবে সবার জন্য এই সুবিধা উন্মুক্ত থাকছে না। বিনামূল্যে ভেরিফিকেশনের আবেদন করতে ব্যবহারকারীর বয়স অবশ্যই ন্যূনতম ১৮ বছর হতে হবে। পাশাপাশি, যেসব অ্যাকাউন্টে পূর্বে প্রতারণা, ভুল বা ভুয়া তথ্য ছড়ানো এবং ফেসবুকে নীতিমালার ব্যত্যয় ঘটানোর রেকর্ড রয়েছে, তারা এই ভেরিফিকেশন সুবিধা পাবেন না। প্রাথমিক পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর মূল প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দৃশ্যমান হবে। পরবর্তীতে নিউজফিডের প্রতিটি পোস্টের পাশেও এটি দেখানোর পরিকল্পনা রাখা হয়েছে।
মেটা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নতুন এই ফিচারটি তাদের বিদ্যমান পেইড বা সাবস্ক্রিপশনভিত্তিক 'মেটা ভেরিফায়েড' সেবার বিকল্প নয়। অর্থ খরচ করে পাওয়া মেটা ভেরিফায়েড সেবায় প্রিমিয়াম ফিচার ও সরাসরি গ্রাহক সহায়তা বা কাস্টমার সাপোর্ট মিললেও, বিনামূল্যের এই নতুন সুবিধায় কেবল ব্যবহারকারীর বাস্তব পরিচয় নিশ্চিত করা হবে; এতে আলাদা কোনো বাড়তি সুবিধা বা প্রিমিয়াম সাপোর্ট মিলবে না।
পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু দেশে প্রথম ধাপে পরিষেবাটি চালু করা হলেও দ্রুতই বিশ্বজুড়ে সব ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে। মেটা মনে করছে, বিনামূল্যে পরিচয় যাচাইয়ের এই সুযোগ ফেসবুককে একটি নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।