ধ্রুব নিউজ ডেস্ক
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ছবি: সংগৃহীত
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। বিষয়টি প্রথমে অনানুষ্ঠানিকভাবে দুদকের নজরে এলেও পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখার মাধ্যমে ইন্টারপোলের একটি অফিশিয়াল ই-মেইল বার্তায় তাঁর গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান জানান, সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি সরবরাহের মাধ্যমে তাঁকে দ্রুতই বিচারপ্রক্রিয়ার সম্মুখীন করা সম্ভব হবে।
দুদকের মামলা ও অনুসন্ধানের তথ্য অনুযায়ী, পদমর্যাদার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও নিয়োগ বাণিজ্যের মতো অনিয়মের মাধ্যমে শেখ আব্দুল হান্নান ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তাঁর ব্যাংক হিসাবগুলোতে ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনসহ বিদেশে অর্থ পাচারের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২০২৫ সালের ২৭ জুলাই দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার তদন্তভার বর্তমানে ন্যস্ত রয়েছে সংস্থার সহকারী পরিচালক মাহমুদুল হাসানের ওপর।
তদন্তে সাবেক এই বিমান বাহিনী প্রধানের পাশাপাশি তাঁর সন্তানদের নামে কাতার, কানাডা ও দুবাইয়ে অঢেল সম্পত্তির খোঁজ মিলেছে। এসব সম্পত্তির বিস্তারিত উদঘাটনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইন্টারপোলের সহায়তায় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে আদালতের নির্দেশে শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করে তা দেখভালের জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাঁর দেশত্যাগেও আইনি নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।
মামলায় অভিযুক্ত তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও স্বামীর সহায়তায় ১ কোটি ৯১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। দুর্নীতির এই দীর্ঘ চিত্র খতিয়ে দেখতে চলতি বছরের মার্চে আদালত তাঁদের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত জমা দেওয়া সমস্ত আয়কর নথি জব্দের নির্দেশ দেন। প্রসঙ্গত, ১৯৮৪ সালে বিমান বাহিনীতে কমিশন পাওয়া শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।