নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর জিলা স্কুলে ২৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩২ জন এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৪ জন ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন। মো. মনিরুজ্জামান, লক্ষণ কুমার বিশ্বাস ও জেসমিন আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।