ধ্রুব ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের হারবাল ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে রাখা ওষুধ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের ওষুধ গোডাউনে আগুন লেগে যায়। তীব্রতা বেড়ে গেলে ওষুধ কারখানার আগুন নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করতে শুরু করে। নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পাশের কোনাবাড়ী, কাশিমপুর এলাকার আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তারিকুল ইসলাম সমকালকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।