বেনাপোল প্রতিনিধি
অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ারাজ গাইন ও উদ্ধারকৃত অস্ত্র ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এএসআই মো. সুজন হোসেন ও কনস্টেবল আ. হাই সহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে অস্ত্র ও গুলিসহ চালককে গ্রেপ্তার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
গ্রেপ্তার মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইন ও জাহানারা খাতুনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ ওই ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।