কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
‘বাল্যবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের প্রতিনিধি মো. আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির মো. আব্দুল কাইয়ুম, জামায়াতের সাবেক থানা সেক্রেটারি ও সিনিয়র প্রভাষক মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার ও সম্ভাবনার বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে কন্যাশিশুদের অংশগ্রহণে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে ঊষা সমাজকল্যাণ সংস্থা।