কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর শেখপাড়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রানা (৩২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মাথায় ১৭২টি সেলাই দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সলেমানপুর শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচা চলছিল। স্থানীয় যুবদল নেতা রানা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এর জেরে স্থানীয় বাসিন্দা মিশন ও তাঁর বাবা মিজানুরের সঙ্গে রানার বিরোধ তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার সকালে রানার সঙ্গে মিশন ও মিজানুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রানার ওপর হামলা চালানো হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। রানার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও মাথায় ১৭২টি সেলাই দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে স্থানান্তর করা হয়।
ঘটনার পর সলেমানপুর শেখপাড়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।