কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
রশিদ না দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান • কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে কঠোর প্রশাসন • অনিয়ম চললে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও রশিদ না দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মনোয়ার মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, "বাজারে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের সুযোগ দেওয়া হবে না। সার ও কীটনাশকের কারসাজির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বাড়তি দামে ইউরিয়া ও অন্যান্য সার বিক্রি কিংবা অবৈধভাবে মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগেও শৈলকুপার বিভিন্ন বাজারে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে জরিমানা করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, "সরকারি নিয়ম ভেঙে সার বিক্রি, রশিদ না দেওয়া কিংবা কৃত্রিম সংকট তৈরি করার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স বাতিলেরও উদ্যোগ নেওয়া হবে।"
প্রশাসন থেকে জানানো হয়েছে, কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে সার কিনতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য বাজার নজরদারি আরও জোরদার করা হবে। স্থানীয় কৃষকদের মতে, প্রশাসনের এই ধরনের অভিযানে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ন্যায্য দামে সার পাওয়া গেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের ফলন বাড়াতে সহায়তা করবে।