বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (১৯ আগস্ট) বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল এসব পণ্য উদ্ধার করে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৫৭টি ভারতীয় শাড়ি, ১টি কম্বল, ১৫ কেজি ফুচকা এবং বিভিন্ন ধরনের ৮০০ পিস প্রসাধনী সামগ্রী। উদ্ধার করা চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না।