নিজস্ব প্রতিবেদক
চুরির পর তছনছ করা ঘরের জিনিসপত্র ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার ধোপাখোলা এলাকায় এক বাসায় ঢুকে বৃদ্ধা গৃহকর্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এতে অসুস্থ হয়ে পড়া গৃহকর্ত্রী হামিদা বেগমকে (৬৫) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখোলা এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদেরের (৪৫) দোতলা ফ্ল্যাটের নিচতলায় তাঁর বৃদ্ধা মা হামিদা বেগম ও ছোট ভাই মোস্তাফিজুর রহমান থাকেন। ওপরের তলায় থাকেন আব্দুল কাদের। ঘটনার রাতে আব্দুল কাদের ও তাঁর ভাই দুজনই ঢাকায় অবস্থান করছিলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা কৌশলে বাসায় প্রবেশ করে। নিচতলায় একা থাকা বৃদ্ধা হামিদা বেগমকে চেতনানাশক জাতীয় পদার্থ ছিটিয়ে সংজ্ঞাহীন করে ফেলে রাখা হয়। এরপর ঘরের নিচতলা ও ওপরের তলায় তল্লাশি চালিয়ে নগদ ৮০ হাজার টাকা এবং পরিবারের প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে চোরচক্র পালিয়ে যায়।
পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে বাসার পরিচ্ছন্নতাকর্মী এসে ডাকাডাকি করলে হামিদা বেগম দরজা খোলার পরই মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিৎকার শুনে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সে সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মো. আব্দুল কাদের বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।