নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলকে স্মরণ করেছেন জেলার সাংবাদিক সমাজ। ছবি: ধ্রুব নিউজ
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলকে স্মরণ করেছেন জেলার সাংবাদিক সমাজ। আজ বৃহস্পতিবার তার ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কবরে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের নেতৃত্বে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে শামছুর রহমান কেবলের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এ সময় প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, গ্রামের কাগজ, স্পন্দন ও রাতদিন নিউজের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডের দীর্ঘ ২৬ বছরেও হত্যাকারীদের বিচারের আওতায় আনা না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
তারা বলেন, বিগত সরকারের কাছে বারবার বিচার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তারা বর্তমান সরকারের কাছে দ্রুত তদন্ত সম্পন্ন করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
যশোর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম উদ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাসসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সাংবাদিক শামছুর রহমান কেবলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।