নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর সদর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ওসমান মোল্লা (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১২ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে গোয়ালদা বাজার ও কলেজ মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত ভ্যানচালক ওসমান মোল্লা যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জোনাপ আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তিনি ভ্যানযোগে রাজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদা বাজার ও কলেজ মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ভ্যানচালককে উদ্ধার করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ওসমান মোল্লার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।