কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শনিবার (১১ জুলাই) সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
দেশের বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। আজ শনিবার (১১ জুলাই) সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছিল। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে একটি পরিবার কোনোভাবেই চলতে পারে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবার আগে শ্রমিকদের সাথে বৈষম্যহীন আচরণ করতে হবে। একই সাথে তিনি শ্রমিকদের জন্য বাধ্যতামূলক রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এবং জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।