নিজস্ব প্রতিবেদক
শাহরিয়ার সোহেলের আলোচনা গ্রন্থ ‘ড. শাহনাজ পারভীনের লেখার বহুমাত্রিকতা’-র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
"থামিস না, চল পথের স্রোতে চলতেই চাই- হয় নি বলা যে সব কথা, আজ বলবোই তাই" এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিনের গতিশীল পথচলার ধারাবাহিকতায় এক ব্যতিক্রমী সাহিত্য আড্ডার আয়োজন করে দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর। আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় পশ্চিম বারান্দীপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় 'সুখপাখি' ভবনে শাহরিয়ার সোহেলের আলোচনা গ্রন্থ ‘ড. শাহনাজ পারভীনের লেখার বহুমাত্রিকতা’-র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি ডা. আহাদ আলীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কবি বকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দীপঙ্কর দাস রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তহীদ মনি, বাবলু মাহবুব, অরুণ বর্মন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, গোলাম মোস্তফা মুন্না, রাবেয়া খানম এবং সীমান্ত বসু। অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন গ্রন্থের লেখক শাহরিয়ার সোহেল এবং অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন।
পাঠ উন্মোচন ও গ্রন্থ আলোচনায় আরও অংশ নেন আবু রায়হান, বাগবুল মাহবুব, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, ফাইন আর্টস কলেজের সহকারী অধ্যাপক কৃষি গৌতম এবং দেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসিরা পারভীন।
আলোচকবৃন্দ বলেন, লেখক শাহরিয়ার সোহেল এই গ্রন্থে পৃথিবীর সফল ও কৃতী কবি-সাহিত্যিকদের লেখার সাথে ড. শাহনাজ পারভীনের লেখার সাযুজ্য ও বহুমাত্রিকতা অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।
বৃষ্টিমুখর আবহাওয়ায় চা-চক্রের সাথে সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে। বক্তারা দ্যোতনা সাহিত্য পরিষদের এমন শান্ত, সুনিবিড় ও প্রয়োজনীয় সাহিত্যিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।