ধ্রুব নিউজ
বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা জাহান আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান বিএনপি নেতারা। ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা জাহান আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন বেনাপোল পৌর বিএনপির নেতারা। এ সময় তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আহত জাহান আলী বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির নেতা। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। হামলায় তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (২১ জুন) তার বাসভবনে যান বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান। তাঁরা আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় নেতারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যাই হোক না কেন, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। দলে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। মানুষের ওপর হামলা ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
নেতারা আহত জাহান আলীর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।