কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
গরু ব্যবসায়ী ওহেদুল ইসলাম (৪৫) ও সবুজ (৪০)। ছবি: সংগৃহীত
ঢাকা থেকে ফেরার পথে মলম পার্টির ফাঁদে পড়ে ১৭ লাখ ৪০ হাজার টাকা খুইয়েছেন দুই গরু ব্যবসায়ী। ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই গরু ব্যবসায়ীর সাথে এই ঘটনার পর বাসের সুপারভাইজারের সংশ্লিষ্টতার সন্দেহে 'ঝিনাইদহ লাইন' (JLine) পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭২১৩) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে ঘটনার পর থেকেই বাসের সুপারভাইজার পলাতক রয়েছে।
ব্যবসায়ীরা হলেন— কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি এলাকার আবু বক্করের ছেলে ওহেদুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কুশনা এলাকার ইবাদত মল্লিকের ছেলে সবুজ (৪০)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওহেদুল ইসলাম ও সবুজ নামের ওই দুই ব্যবসায়ী গতকাল রাতে ঢাকার গাবতলী পশুর হাটে গরু বিক্রি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ওহেদুল ইসলামের কাছে ৮টি গরু বিক্রির ১০ লাখ টাকা এবং সবুজের কাছে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিল। তারা দুজনেই ঢাকা থেকে 'ঝিনাইদহ লাইন' (JLine) নামক দূরপাল্লার বাসে ওঠেন।
যাত্রাপথের কোনো এক সময়ে তারা মলম পার্টির খপ্পরে পড়েন। চক্রটি কৌশলে তাদের অজ্ঞান করে সঙ্গে থাকা মোট ১৭ লাখ ৪০ হাজার টাকা নিয়ে নেয়।
চেতনা ফেরার পর তারা গাড়ির সুপারভাইজারের আচরণে সন্দেহ প্রকাশ করেন। অবস্থা বেগতিক দেখে সুপারভাইজার বাসটি কোটচাঁদপুরে পৌঁছানোর আগেই কৌশলে গাড়ি থেকে পালিয়ে যায়।
আজ বুধবার সকালে ঢাকা মেট্রো-ব ১৪-৭২১৩ নম্বরের বাসটি কোটচাঁদপুর এলাকায় পৌঁছালে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় জনতাকে জানান। ঘটনা শুনে উত্তেজিত জনতা বাসটি আটকে রাখে এবং পরবর্তীতে কোটচাঁদপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, ঘটনাস্থল ঢাকায়। আর আমাদের কাছে লিখিত কোন অভিযোগ নাই। তবে বাস মালিক বলেছেন আগামী বুধবার বসে বিষয়টি মিমাংসা করে দিবেন।
ধ্রুব/এস.আই