বেনাপোল প্রতিনিধি
শার্শায় সরকারি উদ্যোগে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় সরকারি উদ্যোগে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার নাভারণ সরকারি খাদ্যগুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান, ৮ হাজার ৭০৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এবার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পেয়ে স্থানীয় কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার, নাভারণ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হুসাইন, স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্যশস্যের সরকারি মজুত বাড়ানোর লক্ষ্যেই এই সংগ্রহ কার্যক্রম সময়মতো শুরু করা হয়েছে। সরাসরি কৃষকদের তালিকা যাচাই করে স্বচ্ছতার ভিত্তিতে এই ধান সংগ্রহ করা হবে।