বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ ভূমি খ্যাত কালুডাঙ্গা হাজরা তলার চার দিনব্যাপী ঐতিহ্যবাহী পূজা অর্চনা অনুষ্ঠানে ভক্তরা। ছবি: ধ্রুব নিউজ
প্রায় চারশ বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ ভূমি খ্যাত কালুডাঙ্গা হাজরা তলার চার দিনব্যাপি ঐতিহ্যবাহী পূজা অর্চনার সব যজ্ঞ শেষ হয়েছে। লাখো ভক্তের উপস্থিতিতে দিন-রাত নামযজ্ঞ, প্রসাদ বিতরণ আর মনোবাসনা পূরণে বিভিন্ন মন্দিরে প্রণামের মাধ্যমে প্রার্থনার সমাপ্তি হল। এত কিছুর মাঝে এ স্থান হয়ে ওঠে আত্ত্বীয় স্বজন আর পরিচিত জনের এক মিলন মেলায়।
প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবার হিসেব করে তার আগের রোববার থেকে শুরু হয় অধিবাস। সোমবার থেকে বুধবার রাত পর্যন্ত চলে নাম যজ্ঞ। এ তিন দিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ।
বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে প্রায় চারশ বছর ধরে চলছে কালুডাঙ্গা হাজরা তলার এ অনুষ্ঠান। এখানকার দায়িত্বপ্রাপ্ত ঠাকুর স্বপন চক্রবর্তী জানিয়েছেন, তারা নয় পুরুষ ধরে এখানকার সেবা করে আসছেন। কালুডাঙ্গায় ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে। যে কারণে প্রতি বছর এখানে ভক্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছর সবজি বাদে প্রায় তিনশ মণ চাল ডাল রান্না হয় তিন দিনে । এ বছর আরো পঞ্চাশ মণ বাড়তি রান্না হয়েছে।
কালুডাঙ্গা হাজরাতলা মন্দির কমিটির সভাপতি রবেন অধিকারি জানান, চার দিন ধরে সব আয়োজনে ব্যায় হয় কয়েক লক্ষ টাকা। যা স্থানীয়দের সহযোগিতা আর বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের সহায়তায় সম্পন্ন হয়। প্রতি বছর এ যজ্ঞে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের প্রায় সব রাজ্য থেকেই এখানে ভক্তদের আগমন ঘটে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি বছর এ যজ্ঞে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের প্রায় সব রাজ্য থেকেই এখানে ভক্তদের আগমন ঘটে। এ স্থানের সব উন্নয়ন কাজই সম্পন্ন হয়েছে ভক্তদের সহায়তায়। সরকারিভাবে তেমন একটা উন্নয়নের ছোয়া লাগেনি। বছরের শুধু বৈশাখ মাসেই অনুষ্ঠান হয় না। সারা বছর প্রতি শনি ও মঙ্গলবারে এখানে বার বসে। এসব দিনেও এখানে ভক্তদের আনাগোনা হয়।
ধ্রুব/এস.আই