ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা ও সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন পৌর সহায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।
আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় প্রকল্প বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার ও আর্কিটেক্ট ফারহানা ইসলাম। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, ঝিকরগাছা পৌরসভাকে সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবার পরিবৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম ত্বরান্বিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ৬ বছর মেয়াদে সম্পন্ন হবে। সারাদেশে প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ১ হাজার ৬৪১ কোটি টাকা। ২০২৪ সালের অক্টোবরে একনেক সভায় অনুমোদনের পর ২০২৫ সাল থেকে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।