ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা হাসপাতালে আহতদের কয়েকজন ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় 'যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি'র সভাপতি আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার জেরে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) নিজ ফুল ক্ষেতে কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হন ফুলচাষি আব্দুর রহিম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানিসারার ফুল মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আব্দুর রহিমের গ্রামবাসী অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পানিসারা গ্রামের মৃত মোজাম্মেল ঢালীর পুত্র সাজু ঢালী (৫৫), মৃত ওয়াম্মদের পুত্র আসাদুল ইসলাম (৪২) এবং আসাদুলের পুত্র রিদয় (২৫) মারাত্মক আহত হন।
অন্যদিকে, স্থানীয়রা জানান, এই সংঘর্ষে পটুয়াপাড়া গ্রামের রবির পুত্র সাব্বির, জামালউদ্দিনের পুত্র নাজমুল এবং গদখালি গ্রামের আবুল হোসেনের পুত্র লিটনও আহত হয়েছেন। আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, সভাপতি আব্দুর রহিমের ওপর হামলার ঘটনায় এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল, যার ফলশ্রুতিতে আজকের এই রক্তক্ষয়ী সংঘর্ষ।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম জানান, আজকের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে গতকালের হামলার ঘটনায় আহতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।