Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রধানমন্ত্রীর যশোর সফরে নিরাপত্তা ও জ্বালানি নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০৩:৩৬ পিএম
প্রধানমন্ত্রীর যশোর সফরে নিরাপত্তা ও জ্বালানি নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও জ্বালানি তেল সরবরাহ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী যশোর সফরকালে যশোর মেডিকেল কলেজ এবং শার্শার উলসীতে 'জিয়া খাল' খনন কাজের উদ্বোধন করবেন। এই সফর উপলক্ষে ২০ এপ্রিলের মধ্যে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়- ধ্রুব নিউজ

নিরাপত্তার স্বার্থে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত যশোর সদর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রধান সড়কগুলোতে নির্মাণ সামগ্রী রাখা বা বাস, ট্রাক, ট্যাংকার ও পিকআপ পার্কিং করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নির্ধারিত রুট, প্যারিস রোড ও তৎসংলগ্ন এলাকার সব দোকানপাট ও জ্বালানি তেলের পাম্প ওই তিন দিন বন্ধ থাকবে।

দেশের জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সভায় কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে: যেসব মোটরসাইকেলে ৩ লিটার বা তার বেশি তেল থাকবে, তারা পাম্প থেকে নতুন করে তেল পাবেন না। ৩ লিটারের কম তেল থাকলে পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনী বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে তেল দেওয়ার অনুমতি দেবেন। বৈধ কাগজপত্র না থাকলে সংশ্লিষ্ট যানবাহন ১ মাসের জন্য জব্দ করা হবে। বাড়িতে তেল মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইরি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহরের চেয়ে গ্রাম এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সভায় গত মার্চের অপরাধচিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক জানান, পহেলা বৈশাখ উদযাপন ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোর গ্যাং প্রতিরোধ, ছিনতাইবিরোধী অভিযান এবং সীমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, র‌্যাব-৬-এর এসপি রেজাউল হক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ কমিটির সদস্যবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)