Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটরসাইকেল ঠেলে এনসিপির প্রতিবাদ

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটরসাইকেল ঠেলে এনসিপির প্রতিবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটরসাইকেল ঠেলে এনসিপির প্রতিবাদ । ছবি: ধ্রুব নিউজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে এবং ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। জ্বালানি তেলের দাম নতুন করে বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হতে পারে।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে যশোরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন। চিত্রারমোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। জনগণ নতুন সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে অতীতে তেলের দাম বৃদ্ধি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। একই সঙ্গে তিনি সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগও তোলেন।

যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ বলেন, রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, এক মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)