ধ্রুব ডেস্ক
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দীঘির মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত। তার মা একজন মানসিক প্রতিবন্ধী। আজ রাতে দীঘিতে নামার পর হঠাৎ একটি কুমির শিশুটিকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৌকা নিয়ে দীঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।