ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং অনলাইন জুয়া বন্ধে গত তিন মাসে খুলনা রেঞ্জজুড়ে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এই সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৩২ হাজার ৭১১ জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ১৪৭টি অবৈধ অস্ত্র। শনিবার খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশের প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা বিঘ্নকারী, নাশকতায় জড়িত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ হাজার ৫৩৪ জন নেতাকর্মী ও সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত তিন মাসে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ৫২টি মামলায় গ্রেফতার হয়েছেন ৫৮৯ জন। এর মধ্যে সেপ্টেম্বরে ২৯২ জন, অক্টোবরে ১৪৫ জন এবং নভেম্বরে ১৫২ জন গ্রেফতার হন। অপরদিকে, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের মধ্যে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮ জন, অক্টোবরে ১ হাজার ১১ জন এবং নভেম্বরের ২৭ দিনে ১ হাজার ৪৩৫ জনকে আটক করা হয়েছে। পরিসংখ্যান বলছে, পূর্ববর্তী দুই মাসের তুলনায় নভেম্বরের প্রথম ২৭ দিনে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের গ্রেফতারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মাদকবিরোধী অভিযানে তিন মাসে ১ হাজার ৪০৩টি মামলায় ১ হাজার ৭৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ।
অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৪০টি মামলায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার হওয়া ১৪৭টি অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১১৬টি দেশীয় অস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্রের তালিকায় আছে ৭টি বিদেশি পিস্তল, ৩টি দেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, ৩টি বন্দুক, ১টি পাইপগান এবং ১৫টি ওয়ানশুটার গান।
এছাড়া চোরাচালানবিরোধী ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে দায়ের করা ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলনা রেঞ্জ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, তিন মাসে সর্বমোট ৩২ হাজার ৭১১ জন গ্রেফতারের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন ১৯ হাজার ৭৫১ জন। মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০ জন, অক্টোবরে ১০ হাজার ৩২৪ জন এবং নভেম্বরে ১০ হাজার ৫০৭ জন গ্রেফতার হয়েছেন।
পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৫ হাজার ৮৭৯টি প্রসিকিউশন দাখিলের পাশাপাশি জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলের দায়ে আটক করা হয়েছে ২ হাজার ৭৪৫টি যানবাহন, যার মধ্যে ১ হাজার ৯৬৬টি মোটরসাইকেল।
খুলনা রেঞ্জ পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতাবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।