কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈমুর রহমান নাঈম। তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, আন্তরিক সম্ভাষণ ও উষ্ণ সংবর্ধনায় বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইনসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মোঃ শামীম হোসাইন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈমুর রহমান নাঈমকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পাশাপাশি কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ভূমি অফিসের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। সহকর্মীদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবাগত এসিল্যান্ড উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন।
নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ নাঈমুর রহমান নাঈমের যোগদানকে ঘিরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাসজমি সংক্রান্ত কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায় এবং সাধারণ মানুষের ভূমিসেবা সহজীকরণে তাঁর দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা প্রত্যাশা করছেন সচেতন মহল।
ভূমিসেবা মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এ ক্ষেত্রে হয়রানিমুক্ত পরিবেশ, স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সেবা নিশ্চিত করা সময়ের অন্যতম দাবি। সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সহজে ভূমিসংক্রান্ত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে নতুন কর্মস্থলে তাঁর দায়িত্বশীল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা এবং সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে কোটচাঁদপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈমুর রহমান নাঈমের দায়িত্ব পালন সফল, সুন্দর ও জনকল্যাণমুখী হোক। তাঁর হাত ধরে কোটচাঁদপুরে ভূমিসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জনআস্থার নতুন দিগন্ত উন্মোচিত হোক—এমন প্রত্যাশা কোটচাঁদপুরবাসীর।