ধ্রুব ডেস্ক
গাছ ফেলে অ্যাম্বুলেন্স ও ট্রাকে ডাকাতি করছিলেন একদল ব্যক্তি। এ সময় ডাকাতির কবলে পড়ে ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রসূতি-বাহী অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে থাকা সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ডাকাতির সময়ই সন্তান প্রসব করেন। পরে নবজাতকটির মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
শনিবার রাত দেড়টার দিকে কালীগঞ্জের জীবননগর-কালীগঞ্জ সড়কের সিংদহ (বাগমারা বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার আবদুল্লাহ আল নোমানের স্ত্রী আফসারা তাসনীম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার সন্ধ্যায় ব্যথা অনুভব করলে তাকে চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।
আবদুল্লাহ আল নোমান জানান, রাত দেড়টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি সিংদহ এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতেরা প্রথমে তাদের কাছে থাকা এক লাখ টাকা নিয়ে যায়। তার স্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরোধ করলেও ডাকাতেরা কর্ণপাত করেনি। একপর্যায়ে তার স্ত্রীর কানের দুল নেওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, ডাকাতির পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তিনি। পুলিশ আসার খবর পেয়ে ডাকাতেরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। তবে অ্যাম্বুলেন্সের চাবি খুঁজে না পাওয়ায় তারা প্রায় দুই ঘণ্টা আটকে থাকেন। পরে চাবি পাওয়ার পর সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যশোরের উদ্দেশে রওনা হন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ডাকাতির সময় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। পরে কালীগঞ্জ শহর পেরিয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই শিশুটির জন্ম হয়। তবে জন্মের পরপরই শিশুটির মৃত্যু হয়। নবজাতকটি ছেলে ছিল। পরে তারা চুয়াডাঙ্গায় ফিরে যান। বর্তমানে তার স্ত্রী বাড়িতে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ডাকাতির সময় নয়, ওই স্থান থেকে যশোরে যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে জন্ম নেওয়া শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সটির চলাচলের ব্যবস্থা করে দেয়।